দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বেলাল হোসেন সুমন (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকার জোনাজবাগে এ ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন সুমন (৩৫) উপজেলার ৯ নম্বর মিরওয়ারীশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মহাজন বাড়ির আ: ওয়াদুদের ছেলে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় নিহতের বড় ভাই মো: দুলাল জানান, সুমন ১৫ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিল। এক বছর আগে দেশে এসেছিল, কিছুদিন পর আবার চলে যায়। ঘটনার দিন একদল দুর্বৃত্ত তার ব্যবসাপ্রতিষ্ঠানে এসে অতর্কিত গুলি চালায়। এ সময় তার মাথায় ও ঘাড়ে গুলি লাগে। এতে সুমন ঘটনাস্থলেই মারা যায়। সুমন দুই সন্তানের জনক। তিন ভাইয়ের মধ্যে সুমন মেজো।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসসাদুর জামান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হননি।



