বান্দরবানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১২টার দিকে রুমা বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো: জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)।
জামির উদ্দিনের বাড়ি ভোলার চর বোরখান উদ্দিনে। রুপাইয়ার বাড়ি ঢাকার গাজীপুরে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় টুরিস্ট গাইডের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে আসেন।
বান্দরবানের পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার জানিয়েছেন, ওই পর্যটকরা স্থানীয় টুরিস্ট গাইড না নিয়েই সেখানে বেড়াতে যান। পরে স্থানীয়রা খবর দিলে রাস্তার পাশের গভীর খাদ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



