নাটোরের নলডাঙ্গায় বিষধর সাপের কামড়ে মো: নুহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোরে উপজেলার পিপরুল ইউনিয়নের পাটুল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু মো. নুহাদ উপজেলার পিপরুলের পাটুল পূর্বপাড়া গ্রামের মো: জাকির বাগের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে নুহাদ ঘুমিয়ে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার মা-বাবা ঘুম থেকে উঠে ঘরের জানালার পাশে সাপটি দেখতে পান এবং সেটিকে মেরে ফেলেন। কিছুক্ষণ পর শিশুটির শরীরে ঝিনঝিন অনুভূতি ও অসুস্থতার লক্ষণ দেখা দিলে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাকে সাপে কামড় দিয়েছে। পরে দ্রুত তাকে নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তবে শিশুটিকে কামড় দেয়া সাপটি কী প্রজাতির, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান কলিমউদ্দিন সাপের কামড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ইব্রাহিম খলিলও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় শিশুটির পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



