কেশবপুর (যশোর) সংবাদদাতা
যশোরের কেশবপুর শহরের মধু সড়কে অবস্থিত জনতা ব্যাংক ভবনের তৃতীয় তলায় পাশাপাশি দুটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের আসবাবপত্র ও গৃহস্থালী মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (৪ মার্চ) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন— আলতাপোল গ্রামের মৃত জাহান বক্স সরদারের ছেলে এমদাদুল হক এবং মৃত আব্দুল ওহাব গাজীর ছেলে এমরান হোসেন।
এমরান হোসেন জানান, ঘটনার সময় তিনি ভবনের নিচতলায় নিজের দোকানে ছিলেন। পাশের এক দোকানদার আগুন দেখতে পেয়ে তাকে খবর দিলে তিনি দ্রুত বাসায় ছুটে যান। অনেক চেষ্টা করেও ঘর থেকে কোনো মালামাল বের করতে পারেননি। এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
অপর বাসার মালিক এমদাদুল হক বলেন, আগুন লাগার সময় তিনি বাসায় ছিলেন না। খবর পেয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে ঘরের ভেতরের সবকিছু পুড়ে যায়। তার প্রায় এক লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



