মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়ার স্কুল চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবজিত দুলাল মৃদুল কুলাউড়া পৌর এলাকার দিপন দেবের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে কুলাউড়ার স্কুল চৌমুহনী এলাকায় এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ড্রেনের সাথে সাজোরে ধাক্কা লেগে গুরুতর আহত হন মৃদুল। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে বিকেল ২টার দিকে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতব্বর জানান, কুলাউড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবকের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত করার পর আইনি প্রক্রিয়া শেষে লাশ কুলাউড়ায় আনা হবে।



