নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জয় পরাজয়ের মালিক আল্লাহ তায়ালা। সূরা আল ইমরানে আল্লাহ তায়ালা এমনটাই বলেছেন। আল্লাহ যাকে ইচ্ছা করেন, ক্ষমতা দেন, যাকে ইচ্ছা করেন, ক্ষমতা থেকে নামিয়ে দেন। যাকে ইচ্ছা আল্লাহ তায়ালা সম্মানিত করেন, যাকে ইচ্ছা আল্লাহ তায়ালা অপমানিত করেন। আল্লাহ তায়ালার এ কথাটাই চূড়ান্ত কথা, আমরা এটাতেই বিশ্বাস করি।
তিনি আরো বলেন, জনমতের ব্যাপারটা আমিও যেমন বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন। মানুষ ভালোর জন্য সবাই আশা করে আছে। সেদিক থেকে আমরা জামায়াতে ইসলামী ব্যাপক ভোটে পাস করবো ইনশাআল্লাহ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমার তিনটি বার্তা। এক, আমরা যদি এবার নির্বাচনে একটা এক্সামপল সৃষ্টি করতে পারি, তাহলে বাংলাদেশ গণতান্ত্রিক বিশ্বে ভালো সুনাম করবে। সম্ভাবনা দেখছি।
দুই নম্বর, যিনি পাস করবেন, তাকে মেনে নেওয়া। আমরা জয়ী হলেও মানবো, পরাজিত হলেও মানবো।
তৃতীয়ত, আইন মানতে আমাদের কোনো অসুবিধা নেই। এটা হওয়া উচিত। বিশৃঙ্খলা কাম্য নয়। জেন জি এটাই জানিয়েছে, কোনো অনিয়ম বরদাশত করবে না। আমরা আশাবাদী। জনগণের কাছে আপিল ও অনুরোধ করছি, আপনারা ভালোভাবে সবাই ভোট দেবেন।



