চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সাম্প্রতিককালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত অসহায় পরিবারগুলোর মাঝে চাল বিতরণ করলেন সিআইপি ওবায়দুল হক চৌধুরী রোকন।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার বরমা ইউনিয়নের কেশুয়ায় একটি কমিউনিটি সেন্টারে বিএনপি নেতা, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী এবং আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ওবায়দুল হক চৌধুরী রোকন (সিআইপি) এ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
গতকালসহ গত এক সপ্তাহে তিনি এ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মাহবুবুল করিম সোহেল, ইউপি সদস্য আনিসুর রহমানসহ স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।
এসময় সিআইপি রোকন চৌধুরী বলেন, ‘সম্প্রতি চন্দনাইশে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চন্দনাইশ উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে উপজেলার প্রায় ৩৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। এই আপৎকালীন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং চট্টগ্রাম-১৪ সংসদীয় আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের পক্ষ থেকে এলাকার বানভাসি মানুষের পাশে থাকার প্রত্যয়ে দুর্গতদের মাঝে আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্ত অসহায় পরিবারগুলোর মাঝে চাল বিতরণ করেছি।’
তিনি আরো বলেন, ‘দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যতদিন প্রয়োজন হবে, ততদিন আমরা এই ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করে যাব।’



