মোহনগঞ্জ (নেত্রকোনা ) সংবাদদাতা
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের জালপট্টি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জালসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। জব্দ করা জালের আনুমানিক মূল্য সাত লাখ ৯২ হাজার টাকা।
বুধবার (৬ মে) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক ভর্তি জাল জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন ধর্মপাশা উপজেলার চকিয়ারচাপুর গ্রামের কাজালীর ছেলে সোহেল আহমেদ (৩২) এবং পাবনার বেড়া উপজেলার জগনাথপুর গ্রামের আফজাল শেখের ছেলে সবুজ (৪০)।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুল ইসলাম হারুন জানান, রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসির নেতৃত্বে অভিযান পরিচালনায় ছিলেন উপপরিদর্শক (এসআই) নাজমূস সাকী সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমদাদুল হক ও সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে মোহনগঞ্জ থানায় নিয়মিত মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হবে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



