তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতার পালাবদলের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব।
তিনি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, আমরা সেই প্ল্যানের মাধ্যমে ধীরে ধীরে এগিয়ে যাব। আমাদের সেই পরিকল্পনা হচ্ছে- পশ্চাপদ নারী, আমরা তাদের ক্ষমতায়ন করতে চাই। তাদের পিছিয়ে রেখে এই কাজ চলতে পারে না। আমরা তাই ফ্যামিলি কার্ড দিতে চাই।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম গ্রহণ করেছি। ইনশা আল্লাহ, এই মাসের মধ্যেই আমরা ফ্যামিলি কার্ড বন্টনের কাজ শুরু করতে যাচ্ছি। প্রথমে অর্থ সহায়তা প্রদান করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় চার কোটি ১০ লাখ পরিবার আছে, যদি প্রতিটি পরিবারে এই কার্ড পৌঁছাতে পারি, তাহলে এই পরিবারের নারীরাই হবে এই কার্ডের মালিক। আমরা শুরুতে নির্দিষ্ট পরিমাণ অংক দিয়ে শুরু করব, তারপর ধারাবাহিকভাবে অন্যান্য সম্ভাবনাগুলোকে বাড়াতে থাকব।
তিনি আরো বলেন, জলবায়ু মোকাবেলা, বেকারত্ব দুর করাসহ নানা কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে নেয়া হচ্ছে। তবে কোনো পরিকল্পনাই বাস্তবায়ন হবে না যদি গণমাধ্যমকে সঠিকভাবে সুষ্ঠুভাবে কাজ করতে দেয়া না হয়। আমি তাই গণমাধ্যমের অভিভাবক হতে চাই। জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
এসময় ওয়েজবোর্ড আপডেট করাসহ সাংবাদিকদের জন্য কাজ করার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। পরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
বরিশাল প্রেস ক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।



