শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ আসনের লোহাগাড়া সফরে এসে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নিয়ে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, ‘লোহাগাড়ায় অহরহ অবৈধ বালু ও মাটি কাটা হচ্ছে। এখন থেকে এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলাম। গতরাতেও প্রশাসন অভিযান চালিয়েছে। এটা চলমান থাকবে।’
তিনি বলেন, ‘পরিচ্ছন্ন শহর গড়তে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়, নাগরিক সচেতনতা ও সামাজিক অংশগ্রহণ অপরিহার্য। লোহাগাড়া উপজেলার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ চলমান থাকবে এবং এতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হবে।’
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরাসরি ময়লা পরিষ্কারের কাজে নিজে অংশ নিয়ে লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
পরিবেশবান্ধব ও বসবাসযোগ্য উপজেলা গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য বলে উল্লেখ করেন শাহজাহান চৌধুরী। কর্মসূচিতে তার নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা সড়কের আবর্জনা অপসারণ, ড্রেনের ময়লা পরিষ্কার ও বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও তদারকি করেন তিনি।
শাহজাহান চৌধুরী বলেন, ‘বটতলী শহরের প্রতিটি আনাচে-কানাচে পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের সাথে নিয়ে একটি স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।’
এ সময় তিনি আগামী দুই মাসের মধ্যে লোহাগড়াকে পৌরসভায় রূপান্তর করার প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শুরু করার আশ্বাসও দেন।



