রংপুরে ক্রমেই বাড়ছে হামের রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১২ শিশু। এ নিয়ে রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৬।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: গওসুল আজম চৌধুরী জানান, শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রংপুর বিভাগে আরো ১২ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে গত ৩০ মার্চ থেকে রংপুর বিভাগে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা দাড়ালো ৮৬। তাদের মধ্যে ৫৬ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি ৩০ জন রংপুর ও দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
তিনি বলেন, ‘ভর্তি হওয়া রোগীদের পরীক্ষা-নিরীক্ষায় আরো একজনের হাম সনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত। হাম সনাক্তদের মধ্যে রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় একজন করে এবং নীলফামারী ও ঠাকুরগাঁওয়ে দু’জন করে মোট সাতজন।’
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম চিকিৎসা কার্যক্রমের বিশেষ কমিটির ফোকাল পারসন ডা: আনম তানভীর চৌধুরী জানান, এই হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় পাঁচজন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগির সংখ্যা দাঁড়ালো ২১। এর মধ্যে সাতজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।
তিনি বলেন, ‘দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪ রোগি ভর্তি হয়ে ১১ জন ছাড়পত্র নিয়ে চলে গেছেন। বিভাগের আরো বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৬ জন।’
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: গওসুল আজম চৌধুরী জানান, পরিস্থিতি বিবেচনায় প্রতিটি মেডিক্যাল কলেজ, জেলা ও উপজেলা হাসপাতালে হাম কর্নার খোলা হয়েছে। আগামীকাল রোববার থেকে ছয় মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের হামের টিকা খাওয়ানো কার্যক্রম শুরু হবে।
এদিকে সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত পরিচালক হুজুর আলী।



