মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চায়ের দোকানে পানি খাওয়ার গ্লাসকে কেন্দ্র করে সংঘর্ষে কাচের গ্লাসের আঘাতে সোহেল মিয়া (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইসমাইল মিয়াকে (৩২) নামে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোহেল মিয়ার মৃত্যু হয়। তিনি উপজেলার আলিশারকুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। বর্তমানে তিনি পৌর শহরের সিন্দুরখান সড়কে ভাড়া বাসায় বসবাস করতেন। এবং আটক ইসমাইল মিয়া একই এলাকার ফজর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সোহেল মিয়া সিন্দুরখান সড়কের সিএনজি স্ট্যান্ডসংলগ্ন একটি চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় পানি খাওয়ার গ্লাস দেয়া নিয়ে ইসমাইল মিয়ার সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল দোকানে থাকা একটি কাচের গ্লাস দিয়ে সোহেলের মাথায় আঘাত করেন।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার মাথায় পাঁচটি সেলাই দেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে গেলেও দুপুরের পর শারীরিক অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: অর্নিবান দেব জানান, সোহেল মিয়ার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং সেখানে পাঁচটি সেলাই দেয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় পুনরায় হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পরপরই অভিযান চালিয়ে পৌর শহর থেকে অভিযুক্ত ইসমাইল মিয়াকে আটক করা হয়েছে। সোহেল মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



