নাটোরে ভেজাল ওষুধসহ আটক ৩

আটঘরিয়ার সুলতান মিয়ার ছেলে খোকন মিয়ার বাড়িতে ৪০ প্রকার যৌন উত্তেজকসহ বিভিন্ন রোগের অনুমোদনহীন ভেজাল ওষুধ তৈরি করা হতো। সেগুলো এসকে নিউট্রিশন ও অর্গানিক বায়ো কেয়ার সলিউশন নামে দু’টি ফেসবুক পেজের মাধ্যমে প্রচারণা চালিয়ে বিক্রি করা হতো।

নাটোর প্রতিনিধি

Location :

Natore
ভেজাল ওষুধসহ আটক তিনজন
ভেজাল ওষুধসহ আটক তিনজন |নয়া দিগন্ত

নাটোর সদর উপজেলার ঔষধি গ্রাম খ্যাত পার আটঘরিয়া থেকে ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জামাদিসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয় এক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান পুলিশ সুপার মো: শরীফুল হক।

পুলিশ সুপার জানান, নাটোর সদর উপজেলার ঔষধি গ্রাম খ্যাত পার আটঘরিয়ার সুলতান মিয়ার ছেলে খোকন মিয়ার বাড়িতে ৪০ প্রকার যৌন উত্তেজকসহ বিভিন্ন রোগের অনুমোদনহীন ভেজাল ওষুধ তৈরি করা হতো। সেগুলো এসকে নিউট্রিশন ও অর্গানিক বায়ো কেয়ার সলিউশন নামে দু’টি ফেসবুক পেজের মাধ্যমে প্রচারণা চালিয়ে বিক্রি করা হতো। ওই অনলাইনে পেজের মাধ্যমে তারা দেশের বিভিন্ন এলাকায় ওষুধ বিক্রি করে বছরে ৮০-৯০ লাখ টাকা আয় করত।

গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই) রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত খোকন মিয়া (২৮) ও তার দুই সহযোগীকে আটক করা হয়। আটক অন্য দু’জন হলেন— একই এলাকার খবির হোসেনের ছেলে শরিফুল ইসলাম (২৮) ও আওরাইল দক্ষিণপাড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২৪)।

এ সময় ক্যাপসুল তৈরির একাধিক মেশিন, বিভিন্ন ডায়ার মেশিন, কমপ্রেশার ও প্যাকেজিং মেশিনসহ বিভিন্ন উৎপাদন সামগ্রী উদ্ধার করা হয়।

এছাড়া উৎপাদিত প্রায় ২৫০ কেজি ক্যাপসুল ও কাঁচামাল, বিভিন্ন কৌটা ও টিউবে বিপুল সংখ্যক ক্রিম, ওষুধ ও প্যাকেজিং সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ সুপার আরো জানান, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১০-১২ লাখ টাকা। ব্যবসায়ীরা প্রতিদিন গড়ে ৫০-৬০ জন ক্রেতার কাছে উৎপাদিত ভেজাল ওষুধ বিক্রি করত।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উদয় কুমার সাহা, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো: নজরুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।