চট্টগ্রাম-১ মিরসরাই আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি বলেছেন, ‘জুলাই যোদ্ধারা আজকে আমাদের কথা বলার সুযোগ করে দিয়েছেন। বাংলাদেশের বাক পরিবর্তন করার সুযোগ করে দিয়েছেন। নতুন একটি দেশ বিনির্মাণে আমরা সুযোগ পেয়েছি। জুলুমের রাজ্য থেকে আমরা একটি শান্তির দেশ পেয়েছি। এই শান্তি যেন আমরা অক্ষুণ্ন রাখতে পারি সেজন্য সবাই মিলে আন্তরিকতা দিয়ে মিলেমিশে কাজ করতে হবে।’
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে মিরসরাই উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে যারা রক্ত দিয়ে, শ্রম ও ত্যাগ দিয়ে জুলাইকে বিজয় করেছেন, আজকের এই দিনে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। জুলাই আন্দোলন করে দেশের যে পরিবর্তন করে দিয়েছেন, তার জন্য আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করছি। জুলাইয়ের জন্যই আজকের বাংলাদেশ।’
নুরুল আমিন এমপি বলেন, ‘একটি ভঙ্গুর দেশ থেকে এখন টেনে তুলছেন আমাদের প্রধানমন্ত্রী। দায়িত্ব গ্রহণের ৪ মাসের মধ্যে দেশে দৃশ্যমান অনেক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় মিরসরাই উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলমান রয়েছে। আমরা ধীরে ধীরে এই উপজেলার সমস্যাগুলো সকলের সহযোগিতায় সমাধান করব ইনশাআল্লাহ।’
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন—উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শুভ সূত্রধর, উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির আব্দুল আউয়াল চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম, মিরসরাই থানার ওসি (তদন্ত) আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন, মিরসরাই প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, দৈনিক মানবজমিন প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, মিরসরাই কলেজ প্রতিনিধি মো: সাইদুল ইসলাম, বিজিবি প্রতিনিধি নন্দীলাল জলদাশসহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।



