বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মুন্সীগঞ্জ জেলা শাখার ২০২৬ সেশনের জন্য সভাপতি মনোনয়ন ও সেক্রেটারি নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজাহিদুল ইসলাম এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন রিফাত হোসাইন।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনের নির্ধারিত প্রক্রিয়ায় আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানা শাখার দায়িত্বশীল ও সদস্যরা অংশ নেন।
কেন্দ্রীয়ভাবে মনোনীত হয়ে সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম পুনরায় জেলা সভাপতির দায়িত্ব লাভ করেন। তিনি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসা থেকে হাদিসে মাস্টার্স সম্পন্ন করেছেন।
অপরদিকে প্রত্যক্ষ ভোটে জেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সংগঠনের সাবেক অফিস ও অর্থ সম্পাদক রিফাত হোসাইন। তিনি আরপি সাহা ইউনিভার্সিটি থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা, শিক্ষার্থীদের নৈতিক উন্নয়ন এবং ইসলামী আন্দোলনের দাওয়াতি কার্যক্রম জোরদারে কাজ করবেন।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।



