অনুমোদনের ১২ বছর পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অষ্টম তলায় দোয়া মোনাজাত এবং আলোচনা সভার মাধ্যমে অফিসের কার্যক্রম শুরু হয়।
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই পিছিয়ে পড়া রংপুরকে আগামী দিনে একটা সুন্দর নগরী তৈরি করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। উনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্বটা আমি জবাবদিহীতা, সততা এবং নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব, ইনশাল্লাহ।’
তিনি বলেন, ‘রংপুরের উন্নয়ন করতে গেলে সাংবাদিকদের অনেক সহযোগিতা লাগবে। রংপুরের শ্যামাসুন্দরী খাল, কেডিএস খাল, রাস্তাঘাটের উন্নয়ন, অপরিকল্পিত বাড়িঘর এই সবকিছু যেন সুন্দরভাবে আমরা একটা পরিকল্পিত রংপুর, আধুনিক রংপুর তৈরি করতে পারি। সবাই মিলে একটা আধুনিক রংপুর হিসেবে গড়ে তুলতে চাই।’
এসময় বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলামসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন কারামতিয়া মসজিদের খতিব মাওলানা বায়েজিদ ইসলাম।
প্রসঙ্গত, ২০১৪ সালে ৮ জুন মন্ত্রীপরিষদ সভায় অনুমোদন হয় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ। এরপর ২০২৫ সালের ২৬ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকার গেজেট প্রকাশ করে। পরে, চলতি বছর ১২ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। ২০ জানুয়ারি রাষ্ট্রপতির আদেশে সংশোধিত অধ্যাদেশ জারি হয়। চলতি বছর ১১ জুন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুকে এক বছরের জন্য প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।



