আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ সেপ্টেম্বর ফেনী আসবেন জানিয়ে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ওইদিন সকালে পরশুরামে পানিসম্পদ মন্ত্রণালয়ের মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও পানি নিষ্কাশন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন। পরে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি এবং তার নানার বাড়ি পরিদর্শনে যাবেন। সেখানে তার মায়ের আত্মীয়রা রয়েছেন এবং তাদের কবর রয়েছে।

ফেনী অফিস

Location :

Feni
নয়া দিগন্ত

আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে যাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে গতকাল রাতে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন ও মঞ্চ প্রস্তুতির বিভিন্ন নির্দেশনা দিয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে ফুলগাজীর ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ পরিদর্শন করেন তিনি। আগামী ১৭ সেপ্টেম্বর বিকেলে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ সেপ্টেম্বর ফেনী আসবেন জানিয়ে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী ওইদিন সকালে পরশুরামে পানিসম্পদ মন্ত্রণালয়ের মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও পানি নিষ্কাশন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন।

পরে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি এবং তার নানার বাড়ি পরিদর্শনে যাবেন। সেখানে তার মায়ের আত্মীয়রা রয়েছেন এবং তাদের কবর রয়েছে।

মন্ত্রী বলেন, বিকেলে প্রধানমন্ত্রী ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উদ্বোধন করবেন। অসহায়দের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষকদের মাঝে কৃষক কার্ড এবং ধর্মীয় নেতা তথা ইমাম ও পুরোহিতদের মাঝে ভাতা বিতরণ করবেন।

এছাড়া যারা চিকিৎসা নিতে পারছেন না, তাদের আর্থিক সহায়তা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়া হবে।

মন্ত্রী আরো বলেন, ফেনী থেকে মিরসরাই পর্যন্ত ওইদিন সাধারণ মানুষ তাদের নেতাকে অভিনন্দন জানাবেন। তার কথা ও বক্তব্য শোনার জন্য এবং তার কর্মসূচিতে ব্যাপক উপস্থিতি হবে। ওইদিন ফেনীর মানুষ বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি তাদের ভালোবাসার প্রমাণ দেখাবেন। ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে ফেনীবাসী অকৃপণভাবে গ্রহণ করবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘ প্রায় দেড় যুগ পর নানার বাড়ি ফুলগাজীতে আসছেন।

তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফুলগাজীর পাশাপাশি পরশুরাম ও ছাগলনাইয়ার মানুষ এবং জেলা সদরের লোকজনও উপস্থিত হবেন। এ মাঠে ২০ থেকে ২৫ হাজার লোকের জায়গা হবে এবং রাস্তাঘাটে স্মরণকালের ইতিহাস তৈরি হবে। প্রধানমন্ত্রীর সফরে এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন ও এলাকার উন্নয়নে অনেকগুলো কর্মসূচি থাকবে।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) শাহ মোহাম্মদ মাহবুব, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওসার হামিদ, ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, ফুলগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম রসুল গোলাপ, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।