ঝালকাঠির কাঁঠালিয়ায় জেলেদের জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য বরাদ্দকৃত মানবিক সহায়তার ৪০ কেজি চাল পেতে ইউপি মেম্বার কবির হোসেন হাওলাদারের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৬ মার্চ) উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বলতলা গ্রামের চারজন জেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।
এই ঘটনার প্রধান অভিযুক্তকারী হলেন কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার কবির হোসেন হাওলাদার।
অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বলতলা গ্রামের জেলে ফিরোজ মিয়া, আ: সালাম, আ: খালেক মিয়ার জেলে কার্ড রয়েছে। জাটকা নিধন রক্ষায় জেলেদের সহায়তার চাল সম্প্রতি বিতরণ করা হয়েছে। এ চাল নিতে ওই ওয়ার্ডের ইউপি মেম্বার কবির হোসেন জনপ্রতি এক হাজার ২০০ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে না পারায় ওই সব জেলে সহায়তার চাল পাননি। যারা মেম্বরকে টাকা দিতে পেরেছে তারাই চাল পেয়েছেন।
অভিযোগ অস্বীকার করে কবির হোসেন হাওলাদার বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি মহল।’
কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মকবুল হোসেন বলেন, ‘সহায়তা না পাওয়া জেলেদের বক্তব্য শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।’



