মধ্যপ্রাচ্যে চলমান সঙ্কটের পেক্ষাপটে জ্বালানি তেল পাচার রোধ ও সরবরাহ স্বাভাবিক রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিনটি প্রধান জ্বালানি তেল ডিপোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে শহরের ভানুগাছ সড়কে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপোতে তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়।
শ্রীমঙ্গলস্থ ৪৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি শ্রীমঙ্গলের গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোতে সর্বক্ষণিক বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
তিনি আরো জানান, সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জসহ সারাদেশের মোট ৯টি জেলার ১৯টি জ্বালানি তেলের ডিপোতে বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্রুত তথ্য আদান-প্রদান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধীন ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল, আকস্মিক চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আমদানি-রফতানির কাজে ব্যবহৃত যানবাহনের মাধ্যমে অতিরিক্ত তেল পাচার ঠেকাতে কঠোর নজরদারি রাখা হচ্ছে।
বিজিবি সকলকে গুজবে বিভ্রান্ত না হয়ে সন্দেহজনক তথ্য দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে ।
এছাড়া, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় ডিপো ও ফিলিং স্টেশনের মালিক-প্রতিনিধি, ভিজিল্যান্স কমিটি সদস্য এবং আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল পদ্মা অয়েল ডিপোর ব্যবস্থাপক মো: আব্দুল হান্নান জানান, বিজিবি মোতায়েনের ফলে নিরাপত্তা আরো জোরদার হয়েছে। বর্তমানে তেলের কোনো ঘাটতি নেই, তবে কিছুটা সময় নিয়ে সরবরাহ করা হচ্ছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইসলাম উদ্দিন জানান, বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় তেলের সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নেয়া হয়েছে। পাশাপাশি সবাইকে জ্বালানি ব্যবহারে যথাসম্ভব সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।



