সিলেটে সাদাপাথর লুট : বরখাস্ত বিএনপি নেতা সাহাব গ্রেফতার

পাথর লুটপাটের অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে বরখাস্ত হওয়া সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সাহাব উদ্দিন
সাহাব উদ্দিন |নয়া দিগন্ত

সাদাপাথর রেলওয়ের সংরক্ষিত বাঙ্কার এলাকায় পাথর লুটপাটের অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে বরখাস্ত হওয়া সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি রোববার সকালে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার এডিসি মুহাম্মদ সাইফুল ইসলাম।

সাদাপাথর লুটপাটের ঘটনায় কোম্পানীগঞ্জে দায়েরকৃত খনিজ সম্পদ ব্যুরোর করা মামলায় সাহাব উদ্দিন অন্যতম আসামি। এই মামলায় কারো নাম উল্লেখ না করে দেড় থেকে দুই হাজার অজ্ঞাত আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, সাদাপাথর লুটপাটে অভিযোগ ওঠার পর উপজেলা সভাপতিসহ বিএনপির সকল সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয় তাকে। এরপর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও এসএমপির কোতোয়ালি থানায় সাতটি মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির রিপোর্টে, দুদকের তালিকায় ও মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটির রিপোর্টে তাকে পাথর লুটপাটের মূল হোতা হিসেবে উল্লেখ করা হয়েছে।