ঢাকার ধামরাই উপজেলার এক অসহায় দম্পতির পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল মামুন। মানবিক সহায়তা হিসেবে তিনি নগদ অর্থ ও নিরাপদ আশ্রয় নির্মাণের জন্য টেউটিন প্রদান করেছেন। তার এই উদ্যোগে স্বস্তি ফিরেছে দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্য ও দুর্দশার মধ্যে থাকা পরিবারটিতে।
জানা গেছে, উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলশী গ্রামের বাসিন্দা দুলাল মিয়া ও তার স্ত্রী হাজেরা বেগম দীর্ঘদিন ধরে মানবেতর জীবন-যাপন করছেন। পরিবারের একমাত্র ছেলে মানসিক ভারসাম্যহীন। দুলাল মিয়াও শারীরিকভাবে অসুস্থ। সংসার চালাতে হাজেরা বেগম অন্যের বাড়িতে কাজ করেন। অভাবের কারণে একসময় তাদের টিনের ছোট ঘরটিও বিক্রি করতে হয়। পরে সামান্য জায়গার ওপর পাটের চটের বেড়া ও পাটখড়ির ছাউনি দিয়ে একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘর তৈরি করে সেখানে বসবাস শুরু করেন। বৃষ্টি হলে ঘরের ভেতরে পানি পড়ে, আর শীতকালে চরম দুর্ভোগে দিন কাটে তাদের।
টেউটিন প্রদান করার সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রকল্প কর্মকর্তা এইচ এম মোহিতুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও সুতিপাড়া সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান তুলা ও ধামরাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু হাসান প্রমুখ।
ইউএনও’র এই সহযোগিতায় দরিদ্র পরিবারটি ফিরে পেল মাথা গুজার ঠাঁই।



