উজিরপুরে নৌকাডুবিতে পর্যটকের মৃত্যু

প্রত্যক্ষদর্শী রাছেল মিয়া বলেন, রাকিবুল পানিতে পড়ে যাওয়ার পর বিলে থাকা স্থানীয় নারীরা চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Barishal
প্রতীকী ছবি

বরিশালের উজিরপুরে লাল শাপলা বিলের সৌন্দর্য দেখতে গিয়ে নৌকাডুবিতে রাকিবুল (২১) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের মুরি বাড়ি পর্যটন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন তার লাশ উদ্ধার করেন।

নিহত রাকিবুল পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মাদ্রা গ্রামের হালিম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ বন্ধু মিলে লাল শাপলা ফুল দেখতে ও বিলের সৌন্দর্য উপভোগ করতে একটি ছোট নৌকা ভাড়া করে বিলে ঘুরতে যান। একপর্যায়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে গেলে রাকিবুল পানিতে পড়ে তলিয়ে যান। পরে স্থানীয় লোকজন বিলে নেমে তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর তার লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী রাছেল মিয়া বলেন, রাকিবুল পানিতে পড়ে যাওয়ার পর বিলে থাকা স্থানীয় নারীরা চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পুলিশ পৌঁছানোর আগেই নিহতের পরিবারের সদস্যরা লাশ নিয়ে চলে যান।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী সুজা বলেন, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।