সাভারের হেমায়েতপুরে হরিণধরায় ট্যানারিতে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন করেছেন।
রোববার (১৭ মে) দুপুরে তারা পরিদর্শন করে।
এসময় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ে নেতাদের সাথে তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দল সিইটিপি পরিদর্শন এবং ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদের মালিকানাধীন আনজুমান ট্রেডিং করপোরেশন লিমিটেডও পরিদর্শন করেন।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ে আলোচনায় উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের অ্যাম্বাসেডর মাইকেল মিলার, জার্মান অ্যাম্বাসেডর ড. রুডিজার লটজ, ইটালিয়ন অ্যাম্বাসেডর আন্তনিও অ্যাল্লে সান্দ্র, সলিডার সুইস এর ইন্দিরা গারটেন বার্গ। এসময় ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবদুল মালেকসহ অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এদিন বিসিক সম্মেলন কক্ষেও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।
ইউরোপীয় ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকের ব্যাপারে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: গোলাম শাহ নেওয়াজ নয়া দিগন্তকে নিশ্চিত করেন।
শ্রমিক নেতৃবৃন্দ ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন কার্যালয়ে ট্যানারী শিল্প স্থানান্তরের পর থেকে শ্রমিকদের চাকরির নিরাপত্তাহীনতা, পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা ও শোভন কর্মপরিবেশ না থাকা, ন্যূনতম মজুরি বাস্তবায়নে মালিকদের অনিহা, শ্রম আইন না মানা ও সোশ্যাল কমপ্লায়েন্স বাস্তবায়ন না করার কারণে শ্রমিকদের জীবনের নানা সমস্যা ও সংকট নিয়ে প্রতিনিধি দলের সাথে ইউনিয়ন নেতাদের আলোচনা অনুষ্ঠিত হয়।



