গাজীপুরের শ্রীপুরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে আহত এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নিহতের ভাই পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও পাঁচজনকে অজ্ঞাত আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে।
নিহত আজিজুল ইসলাম (৩৮) উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের হানিফার ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী শামীমের সঙ্গে আজিজুল ইসলামের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার (১ জুন) সকালে নিহতের ছোট ভাই তাইজুল ইসলামের সঙ্গে শামীমের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়।
অভিযোগে বলা হয়, ওইদিন সকাল ১০টার দিকে বাড়ির পেছনের রাস্তায় দাঁড়িয়ে থাকা আজিজুল ইসলামের ওপর শামীম, জামাল উদ্দিন, হৃদয়, শাহীন ও তাদের সহযোগীরা হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৩টার দিকে তার মৃত্যু হয়।
মামলায় অভিযুক্তরা হলেন— একই গ্রামের শামীম (৩৪), ফকির (৪২), জামাল উদ্দিন (৫৬), হৃদয় (২৮) ও শাহীন (৩৫) এবং অজ্ঞাত আরো পাঁচজন।
এদিকে মঙ্গলবার দুপুরে হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় গ্রামবাসী বরমী-কাওরাইদ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, হামলার ঘটনায় দায়ের করা মামলায় ভুক্তভোগীর মৃত্যুর পর হত্যা ধারা সংযুক্ত করার জন্য আদালতে আবেদন করা হবে। মামলার প্রধান আসামি শামীমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



