চাটমোহরে ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিতর্কিত জমি বাদ রেখে রাস্তার অন্যান্য অংশের কাজ চালাতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ও আদালতের বিষয়টি পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
ব্যক্তিগত জমি দখল করে রাস্তা নির্মাণের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে
ব্যক্তিগত জমি দখল করে রাস্তা নির্মাণের বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে |নয়া দিগন্ত

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

পাবনার চাটমোহরে ব্যক্তিমালিকানাধীন কৃষি জমি জবরদখল করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী জমি মালিক ও চাটমোহর পৌর সদরের বালুচর এলাকার বাসিন্দা প্রভাষক মোছা: মমতাজ মহল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (২৯ জুলাই) উপজেলা প্রকৌশলী এজাজুল আলম নিমাইচড়া ইউনিয়নের করকোলা মৌজায় ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেন।

অভিযোগে জানা যায়, করকোলা মৌজার ১০৯১ ও ১০৯২ নম্বর দাগের ২৫ শতাংশ কৃষি জমির মধ্যে ১০ থেকে ১২ শতাংশ জমি একটি প্রভাবশালী মহলের যোগসাজশে জোরপূর্বক দখল করে রাস্তা তৈরি করছে এলজিইডি। কোনো প্রকার অধিগ্রহণ ছাড়াই রাতের আঁধারে জমিতে বালু ও মাটি ফেলা হয়েছে। এর আগে ২০২৩ সালেও একইভাবে জমি দখলের চেষ্টা করা হলে প্রভাষক মমতাজ মহল আদালতে মামলা করেন। মামলাটিতে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন, মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

উপজেলা প্রকৌশলী এজাজুল আলম জানান, জমিটি মেপে সীমানা নির্ধারণ করা প্রয়োজন। এরপর সীমানা নির্ধারণ হলে রাস্তা নির্মাণের পদক্ষেপ নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিতর্কিত জমি বাদ রেখে রাস্তার অন্যান্য অংশের কাজ চালাতে বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ও আদালতের বিষয়টি পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।