গৌরনদীতে বাস চাপায় কুয়েত প্রবাসী নিহত

দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বটতলা কাপালিকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Location :

Gaurnadi
নিহত সোহেল ফকির
নিহত সোহেল ফকির |নয়া দিগন্ত

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ঢাকাগামি চন্দ্রা পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী কুয়েত প্রবাসি সোহেল ফকির (৩০) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বটতলা কাপালিকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

সোহেল গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহসিন হোসেন জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বটতলা কাপালিকান্দি এলাকায় উপজেলার খাঞ্জাপুর গ্রামের সামু ফকিরের ছেলে কুয়েত প্রবাসি সোহেল ফকির মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে কথা বলছিলেন। দুপুর ১টার দিকে ঢাকাগামি চন্দ্রা পরিবহন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই নিহতের স্বজনরা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে দূরপাল্লার বাস যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যানবাহন চলাচল শুরু করে।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহসিন হোসেন বলেন, ‘পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছেন। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।’