পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় তিন ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে মোহাম্মদ মনিরুজ্জামান (৪০) নামে একজনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পালোপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
দণ্ডপ্রাপ্ত মনিরুজ্জাম পালোপাড়া গ্রামের মরহুম আব্দুস সামাদের ছেলে।
অভিযানকালে ভেকুচালক পালিয়ে যান। তবে মেশিনের ব্যাটারি খুলে নিয়ে আসেন স্থানীয় প্রশাসন।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে ইউএনও লিয়াকত সালমান বলেন, ‘ফসলি জমি নষ্ট করে অননুমোদিতভাবে মাটি বিক্রি ও যত্রতত্র পুকুর খননের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



