পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর সব দেশেই জ্বালানি তেলের দম বেড়েছে। অনেক দেশে দ্বিগুণ পর্যন্ত বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রেও জ্বালানির দাম ৫০ শতাংশ বেড়ে গেছে। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও ভারতসহ সব জায়গায় জ্বালানি তেলের দাম প্রচুর বেড়েছে। কিন্তু বাংলাদেশে জ্বালানির দাম এখনো বাড়েনি।
এটিকে বর্তমান সরকারের সফলতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সব পর্যায়ের জনগণ যাতে ভালো থাকতে পারে, আমরা তার চেষ্টা করছি। যুদ্ধের সময় যেন তাদের কোনো সমস্যা না হয়।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, জনগণকে দীর্ঘমেয়াদি চিন্তা করতে হবে। যদি আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে হয়, তাহলে আমাদের জ্বালানি তেলের দাম কিছুটা সমন্বয় হতে পারে। সেটাও জনগণকে নিরাপদ জায়গায় রেখে হতে হবে।
তিনি বলেন, বিএনপির দায়িত্ব নেয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। এতে প্রভাবিত হচ্ছেন মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমাদের দেশের প্রবাসীরা। যুদ্ধের কারণে আমাদের দেশের অর্থনীতি ও অন্যান্য দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে যাতে থাকে, সেজন্য বর্তমান সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পররাষ্ট্রনীতি শুরু করেছিলেন। সৌদি আরবে প্রথম লোক পাঠিয়ে তিনি শ্রমবাজার উন্মুক্ত করেছিলেন। জিয়াউর রহমানের সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার যখনই দায়িত্ব এসেছে, তখনই কিন্তু মধ্যপ্রাচ্যের সব দেশের সাথে আমাদের একটি সুসম্পর্ক ছিল।
বিএনপির এই নেত্রী বলেন, মধ্যপ্রাচ্যের সব দেশের সাথে সুসম্পর্ক থাকার কারণে যুদ্ধের সময়ও ইরানসহ সব দেশ বাংলাদেশকে একটি বন্ধু রাষ্ট্র হিসেবে মর্যাদা দিচ্ছে। আমার প্রবাসী ভাইয়েরা ওইসব দেশে সুরক্ষিত আছেন। বিভিন্ন পথে তেল ও গ্যাস—যেগুলো আমাদের আসার দরকার, সেগুলো আমরা পাচ্ছি। সেগুলোতে আমাদের কোনো সঙ্কট হচ্ছে না।
নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এর আগেও আমি এই স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। তখনো দেখেছি এর অবস্থা করুণ। আজকে দেখে আমি অত্যন্ত ব্যথিত। মানদণ্ডের দিক দিয়ে এটি কোনো পর্যায়ে পড়ে না। এখানে প্রয়োজনের যন্ত্রপাতি ও লোকবল নেই।
এ সময় ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, ফরিদপুর পুলিশ সুপার মো: নজরুল ইসলাম, ফরিদপুর সিভিল সার্জন মো: মাহমুদুল হাসান, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।



