কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩

‘ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’

Location :

Kurigram
রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩
রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩ |নয়া দিগন্ত

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভুন্দুরচর গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে।

নিহতরা হলেন- ফুলবাবু (৪৩), ফুলবাবুর ভাই বুলু মিয়া (৫২) ও নুরুল আমিন(৩০)।

এ ঘটনায় কমপক্ষে ছয় থেকে সাতজন আহত হয়েছেন। আহতদের রৌমারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে রেফার্ড করা হয়েছে।

হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের জিঞ্জিরাম ও কালোর নদী দ্বারা বিচ্ছিন্ন সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামের শাহাজামাল ও রব্বানী গং এবং প্রতিবেশী আপেল ও আংগুর গং এর সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। দখল সংক্রান্ত জের ধরে ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় শাহাজামাল ইসলাম গং এর পক্ষে তিনজন নিহত হন। এ ছাড়াও উভয় পক্ষের অন্তত ছয় থেকে সাতজন আহত হন।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুস সামাদ নিহতের বিষয়টি নিশ্চিত করেন জানান, আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহা।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।