বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নে নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় ও ঘোষেরচর দাখিল মাদরাসায় সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ‘ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে মেডিসিন বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে বিশেষজ্ঞ ডা: মো: আফজাল করিম, ডা: কে. এম. জাহিদুল ইসলাম, ডা: মো: শাহরিয়ার তারেক, ডা: মো: শাকিল আহমেদ, ডা: মো: ইমরান হোসাইন, ডা: মাহজাবিন বুশরা, ডা: পারমিতা হক নাহিন, ডা: মো: আমিনুল ইসলাম ও ডা: মো: শাহেদুল ইসলাম দিনব্যাপী প্রায় ১ হাজার রোগীর স্বাস্থ্য পরীক্ষা করেন, ব্যবস্থাপত্র দেন ও ওষুধ বিতরণ করেন।
বিনা খরচে বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও ওষুধ পেয়ে এলাকার সাধারণ মানুষ ব্যাপক সন্তোষ প্রকাশ করেছেন। চিকিৎসা নিতে আসা একাধিক রোগী জানান, তারা অত্যন্ত সুন্দর পরিবেশে ডাক্তার দেখাতে পেরেছেন এবং প্রয়োজনীয় সব ওষুধ বিনামূল্যে পেয়েছেন। সেবাদানের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা তাদের চোখে পড়েনি। এমন মহতী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান তারা।
একইসাথে তারা ভবিষ্যতেও এলাকায় এ ধরনের সেবা অব্যাহত রাখার দাবি জানান।
সংগঠনের সভাপতি মু. আব্দুল্লাহ আহাদ ভূইয়া বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই আয়োজন। এর আগেও আমরা দুটি ফ্রি চক্ষু ও মেডিসিন ক্যাম্প সফলভাবে সম্পন্ন করেছি। এ ছাড়া যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সম্প্রতি ফুটবলসহ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মানুষের কল্যাণে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চলবে।
সংগঠনের সহ-সভাপতি মো: আক্তার হোসেন বলেন, আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম আজ যত রোগীই আসুক, সবাইকে সেবা দেব। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবাইকে পূর্ণাঙ্গ সেবা ও ওষুধ নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।
স্থানীয় সুধী মহল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।



