গাজীপুরের কাপাসিয়ায় দোকান থেকে ডেকে নিয়ে দুর্বৃত্তরা সৌদি প্রবাসী এক যুবককে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (২৮) কাপাসিয়া উপজেলার সনমানিয়া বরকান্দা গ্রামের মরহুম হাদিস উদ্দিনের ছেলে। তার মা রোকেয়া বেগম সনমানিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।
নিহতের ভাইয়ের মেয়ে সাথী বেগম (২৮) বলেন, ‘কাকা সৌদি প্রবাসী। কয়েক দিন আগেই দেশে ফিরেছেন। তার পাঁচ বছরের এক মেয়ে রয়েছে। শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাকে দোকান থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে।’
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ঘটনার দিন রাতে বাড়ির পাশের মুদি দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন সৌদি প্রবাসী যুবক জাহিদুল ইসলাম। রাত সাড়ে ১১টার দিকে ১০-১২ জন দুর্বৃত্ত তাকে দোকান থেকে ডেকে নিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন। সেখানে থেকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়। কি কারণে জাহিদুল ইসলামেকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।



