কেশবপুরে ভেজাল দুধ কারখানায় অভিযান, আটক ৬

আটককৃতদের মধ্যে একজনের তিন মাসের, বাকিদের এক বছরের করে কারাদণ্ড, প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে উপজেলা নির্বাহী অফিসার।

আব্দুল হাই সিদ্দিকী, কেশবপুর (যশোর)

Location :

Keshabpur
যৌথ অভিযানে উদ্ধার করা ভেজাল দুধ
যৌথ অভিযানে উদ্ধার করা ভেজাল দুধ |নয়া দিগন্ত

যশোরের কেশবপুর উপজেলার পাথরঘাটা গ্রামে কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরির কারখানায় উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে আটক করা হয়েছে ছয়জনকে।

উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল দুধ।

আটককৃতদের মধ্যে একজনের তিন মাসের, বাকিদের এক বছরের করে কারাদণ্ড, প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে উপজেলা নির্বাহী অফিসার।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টার এ অভিযানে অপরাধীদের বাড়ির পাশে জঙ্গলের মধ্য থেকে বের করে আনা হয় বিভিন্ন কেমিক্যাল। পরে সেগুলোকে নষ্ট করে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের জেল ও জরিমানা করা ব্যক্তিরা হলেন পাথরঘাটা গ্রামের স্বপন ঘোষ (৫৮), অনুপ ঘোষ (২৭), বৈধ্যদেব (৩৩), রামপ্রসাদ (৩০), মিলন ঘোষ (৪৭) ও পার্থ ঘোষ (১৯)।

সোডা, গুঁড়ো দুধ, আঠার জেলি, গ্লুকোজসহ নানা উপাদান তেল ও পানির সাথে মিশিয়ে দীর্ঘদিন ধরে ভেজাল দুধ তৈরি করা হচ্ছিল।

মারাত্মক ক্ষতিকর এই দুধ তারা নিজেরা খায় না বলে স্বীকারোক্তি দিয়েছেন অনুপ ঘোষ। তারা বাজারে বিক্রি করে মুনাফা করে থাকে।

ইতোপূর্বেও একবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিলো বলে উপজেলা প্রশাসন থেকে জানা গেছে।

এ অভিযানে র‍্যাব, গ্রাম পুলিশের সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলকেশ কুমার সরকার।