চট্টগ্রামের লোহাগাড়ায় আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আদিল (৩) ও আবির (৩) নামে জমজ দু’ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ মে) দুপুর ২টায় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হরিদারঘোনা পল্লনের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তারা ওই এলাকার আজিজুল হক মাঝির জমজ দু’ ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মামুনুর রশীদ চৌধুরী পুকুরের পানিতে ডুবে জমজ দু’ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা বলেন, ‘জমজ শিশু দু’টি বাইরে খেলা করছিল, তখন এক ফাঁকে আম কুড়াতে যায়। তখনই দু’জন পুকুরের পানিতে ডুবে যায়। একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দু’টিকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন বলেন, ‘দু’ শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।’
তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



