গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এ সময় সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে আলোকপাত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন-সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রিজওয়ানা রশীদ, পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসন আকাশ, আনসার ও ভিডিপি কর্মকর্তা ওবায়দুর রহমানসহ উপজেলা প্রশাসনের দফতর প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল-কলেজের শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।
সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, চাঁদাবাজি বন্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, কৃষি জমির মাটি কাটা বন্ধ করা, সড়কের যানজট নিরসনে পদক্ষেপ নেয়া, সড়কে নিরাপত্তা বজায় রাখা, পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ, পুলিশের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা, অপপ্রচার থেকে বিরত থাকাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসনের প্রথম সভায় উপস্থিত হওয়ায় প্রধান অতিথিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয় এবং প্রশাসনের বিভিন্ন দফতরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।



