জুলাই অভ্যুত্থানে গৌরীপুরে ৩ হত্যা

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক চেয়ারম্যান–ওসিসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় তিন আন্দোলনকারীকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল |নয়া দিগন্ত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় তিন আন্দোলনকারীকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ মামলায় গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোমনাথ সাহা ও সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়সহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপু‌রে জাতীয়তাবাদী আইনজী‌বি ফোরা‌ম ময়মন‌সিংহ বার ইউ‌নি‌টের সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট নুরুল হক এ তথ্য নিশ্চিত ক‌রেন।

তি‌নি জানান, রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আনুষ্ঠানিক এ অভিযোগ উপস্থাপন করেন।

প‌রে বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ ও বিচারক মো: মোহিতুল হক এনাম চৌধুরী। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

তি‌নি আরো জানান, মামলার ৯ আসামির মধ্যে এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অন‌্যরা পলাতক রয়ে‌ছেন।

জুলাই গণ-অভ্যুত্থানকালে গৌরীপুরে আন্দোলন দমনের নামে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এ তিন‌টি পৃথক মামলা করা হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারাধীন রয়েছে।