জীবননগরে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে কুপিয়ে হত্যা

অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে তার বাবার বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
কুপিয়ে হত্যা
কুপিয়ে হত্যা |ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগরে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার শিকার হয়েছেন ববিতা (২৭) নামে এক গৃহবধূ।

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে তার বাবার বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

তিনি আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ডুমুরিয়া দক্ষিণপাড়া গ্রামের কৃষক সানোয়ার হোসেনের মেয়ে।

সূত্র জানায়, পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কারা এ ঘটনার সাথে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জীবননগর থানার তদন্ত কর্মকর্তা আতিয়ার রহমান জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।