চুয়াডাঙ্গায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশু নিহত

রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
মৃত মাহফুজা খাতুন
মৃত মাহফুজা খাতুন |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নানাবাড়িতে বেড়াতে এসে দ্রুতগতির অ্যাম্বুলেন্সের ধাক্কায় পাঁচ বছর বয়সী মাহফুজা খাতুন নামের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কের ডম্বলপুর ক্যানেলের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজা উপজেলার ডাউকি ইউনিয়নের মাজু গ্রামের মামুন আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে মায়ের সাথে ডম্বলপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে মাহফুজা। শুক্রবার বিকেলে ক্যানেলের অপর পাশে সে সিন্নি খেতে যায়। সিন্নি খেয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স তাকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।