জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, ‘ভারতের তোয়াজ করেই অতীতে সরকারগুলো ক্ষমতায় টিকে ছিলো। কিন্তু ভারতকে তোয়াজ করতে হবে আমরা এটা মনে করি না। আমরা বিশ্বাস করি, আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় না করেও পৃথিবীতে চলা যায়।’
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর কেন্দ্র জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা: তাহের বলেন, ‘১১ দলীয় জোট বিজয়ী হলে দেশে গুণগত পরিবর্তন হবে। দুর্নীতি হবে না। স্বাধীনতাও বিক্রি হবে না।’
তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ইসলামী ও সমমনা দল, বীরমুক্তিযোদ্ধার দল ও জুলাই বিপ্লবের দল মিলে ১১ দলীয় জোট যদি এবার ক্ষমতায় যায়, তাহলে অতীতের সরকারের সাথে আমাদের প্রথমে যে পার্থক্য হবে, তা হলো আমরা দুর্নীতি বন্ধ করে দিবো। দুর্নীতি খতম হয়ে যাবে, কোনো চাঁদাবাজি চলবে না, দখল চলবে না। আমার দলের লোকেরাও যদি অন্যায় করে, তাহলে শাস্তি দেয়া হবে। দলীয় পরিচয়ে অন্যায় করে আমাদের কাছে কোনো প্রশ্রয় পাবে না।’
জামায়াত নেতা ডা: তাহের আরো বলেন, ‘এই বারের নির্বাচনটি শুধু এমপি বানানোর নির্বাচন নয়। এবারের নির্বাচন বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের একটি নির্বাচন। কারণ আমরা ৫৪ বছরে বিভিন্ন সরকার দেখেছি। মূলত তিনটি সরকার ছিল। সেই তিনটি সরকারের দল ভিন্ন ছিল, কিন্তু চরিত্রগতভাবে তারা প্রায় কাছাকাছি ছিল। মিল ছিল অনেক। দুর্নীতির ক্ষেত্রে সকলেই দুর্নীতি করেছে। খুন, রাহাজানি, দখলদারিত্ব ও চাঁদাবাজি এটা সকল দলের সময়ে এক রকম ছিল। লুটপাট ও সম্পদ চুরির ক্ষেত্রে সব দলের ভিতরে মিল আছে। দলের নাম ভিন্ন ভিন্ন, কাজে ছিল অনেকটা মিল। কিন্তু এইবার জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে, নির্বাচনের মাধ্যমে যদি আমরা নতুন একটি দলকে সরকারে আনতে পারি, তাহলে ৫৪ বছরে যে তিনটি দলের দুর্নীতি হয়েছে, তা পরিবর্তন হয়ে যাবে।’
তিনি আরো বলেন, ‘মানুষের মন জয় করে বিজয় অর্জন করতে চাই। আমরা ঐতিহাসিক একটা বিজয়ের জন্য আল্লাহর সাহায্য কামনা করছি। যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোটে যাতে ইলেক্টেড হতে পারি। এজন্য সকলে মিলে কাজ করতে হবে। যারা যে দলেরই অনুসারী হোন না কেন দেশের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। এলাকায় কোনো কাঁচা রাস্তা থাকবে না। চৌদ্দগ্রামে ১৮০ কোটি টাকার উন্নয়ন কাজের বরাদ্দ পাশ হয়েছে। আমরা একটি ঐতিহাসিক বিজয়ের জন্য আমরা অপেক্ষা করছি।’
গুণবতী ইউনিয়ন জামায়াতের আমির মো: ইউসুফ মেম্বারের সভাপতিত্বে ও জামায়াত নেতা কামরুল ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান।
বক্তব্য রাখেন- ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আইয়ুব আলী ফরায়েজী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মেশকাত উদ্দিন সেলিম, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, গুণবতী ইউনিয়ন সাথী শাখার সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন, সাবেক মেম্বার হাফেজ উদ্দিন মোল্লা, উপজেলা এনসিপি নেতা খালেদ রায়হান, কুমিল্লা মহানগর ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম মিয়াজী, বিশিষ্ট সমাজ সেবক ইঞ্জিনিয়ার ওয়াহিদুর রহমান, শাহাব উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আহমেদ হেলাল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াত নেতা খাইরুল ইসলাম, মাওলানা এ টি এম মাসুম, মোহাম্মদ সাদেক, ডা: মঞ্জুর আহমেদ সাকি, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন, জামায়াত নেতা আবু সাঈদ, জাফর আহমদ শিপন, মাস্টার নুরুল ইসলাম ও জামায়াত-শিবিরের স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ ভোটারবৃন্দ।



