একসাথে দুইজন প্রতিমন্ত্রী পাওয়ায় ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
দায়িত্ব বণ্টনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন পেয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। অপরদিকে ইয়াসের খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এক জেলা থেকে একসাথে দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব পাওয়াকে স্থানীয় নেতাকর্মীরা দেখছেন বড় ধরনের রাজনৈতিক অর্জন হিসেবে। তাদের মতে, এতে জেলার উন্নয়ন ও জাতীয় পর্যায়ে প্রভাব বাড়ার বাস্তব সুযোগ তৈরি হয়েছে।
স্থানীয়ভাবে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন একজন সজ্জন, সহজ-সরল ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। গৌরীপুর উপজেলায় রাজনৈতিক পরিচয়ের বাইরে তার সামাজিক গ্রহণযোগ্যতা দীর্ঘদিনের।
অন্যদিকে ইয়াসের খান চৌধুরী প্রয়াত বিএনপি নেতা ও ১৯৯১ সালের সংসদ সদস্য আনোয়ারুল হোসেন খান চৌধুরীর সুযোগ্য ছেলে।
ইয়াসের খান চৌধুরী পেশাগতভাবে একজন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি দীর্ঘদিন বিবিসি টেলিভিশন নেটওয়ার্কের লন্ডন কার্যালয়ে তথ্যপ্রযুক্তি বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। প্রবাসে অবস্থানকালেও তিনি বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
এক জেলা থেকে দুই প্রতিমন্ত্রী পাওয়ায় ময়মনসিংহবাসীর প্রত্যাশা বেড়েছে। স্থানীয়দের আশা, এ প্রতিনিধিত্বের ফলে মন্ত্রণালয়ভিত্তিক উন্নয়ন ছাড়াও জেলার জন্য বিশেষ বরাদ্দ ও সুযোগ সৃষ্টি হতে পারে।



