ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন রুকুনোজ্জামান সরকার রোকন।
সোমবার (১৬ মার্চ) সকালে নগর ভবনে আনুষ্ঠানিকভাবে সদ্য বিদায়ী প্রশাসক ও বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফারাহ শাম্মী নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এর আগে সকাল ১০টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নগর ভবনে পৌঁছালে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা রুকুনোজ্জামান রোকনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে শহিদ শাহাবুদ্দিন মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ও জাকির হোসেন বাবলুসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর রুকুনোজ্জামান রোকন বলেন, ‘নগরবাসীর সেবক হিসেবে কাজ করতে চাই। ময়মনসিংহ নগরের দীর্ঘদিনের সমস্যা যানজট, জলাবদ্ধতা ও পরিচ্ছন্নতা—এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে।’
তিনি জানান, যানজট নিরসনে আজ থেকেই স্বেচ্ছাসেবকদের মাঠে নামানো হবে। নগরবাসীর প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা কামনা করেন নতুন এ প্রশাসক।



