নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি। এই দল সবসময় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে। দীর্ঘ ১৭ বছর পর এই দেশের মানুষ তার মূল্যবান ভোট দিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় এনেছে। এই দলে থেকে কোনো নেতার অপকর্মের কারণে মানুষ কষ্ট পায়, এমন নেতার বিএনপিতে স্থান হবে না।’
শনিবার (৪ এপ্রিল) বিকেলে নওগাঁ রাণীনগর উপজেলার ঘোষগ্রাম কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এস এম রেজাউল ইসলাম বলেন, ‘এই আসন আত্রাই-রাণীনগর দুই থানা নিয়ে গঠিত। আমি আত্রাই উপজেলার মানুষ। উন্নয়নের ক্ষেত্রে দুই উপজেলায় সমানভাবে কাজ করা আমার লক্ষ্য। সে ক্ষেত্রে আমি রাণীনগরবাসীর জন্য বিশেষ ক্ষেত্রে বেশি গুরুত্ব দেবো। এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ। তাদের জানমাল নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। এমন কোনো কাজে আপনারা জড়িত হবেন না যেখানে মানুষ বদনাম করবে। নিজে সম্মানিত হতে হলে কোনো মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। সেই ক্ষেত্রে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, সন্ত্রাসী এবং দখলবাজি সহ্য করা হবে না।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা এবং আমার নির্বাচনী ইশতেহার এই আসনে মানুষের জন্য বাস্তবায়ন করতে আমি অঙ্গীকারবদ্ধ। পর্যায়ক্রমে এলাকাবাসী উন্নয়নের সুফল পাবে। এই এলাকার চাষিদের গলার কাটা নওগাঁর ছোট যমুনা নদীর বেড়িবাঁধের কাজ বাস্তবায়নের জন্য অগ্রগতি হয়েছে। যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোনো বিশেষ শক্তির কাছে মাথা নত করব না। সব সমস্যাকে সামনে রেখে সবার সহযোগিতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাব।’
গোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাণীনগর যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মকলেছুর রহমান বাবু, প্রভাষক জাকির হোসেন, সাবেক সভাপতি আল-ফারুক জেমস্, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন গোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াছ হোসেন মিঠু প্রমুখ।



