কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের পৃথক অভিযানে সাজা পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন ধর্ষণচেষ্টা মামলার আসামি ইব্রাহিম খলিল (২০), চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি শাহরিয়ার শারমিন, যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত আসামি হেলাল উদ্দিন এবং অপহরণ মামলার পরোয়ানাভুক্ত আসামি রাসেল উদ্দিন জাহাঙ্গীর (২৯)।
অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় হারুনুর রশিদ (২৮), বেলাল উদ্দীন (২৮) ও মো. মর্তুজা (২৪)-কে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
ঈদগাঁও থানার ওসি এটিএম সিফাতুল মাজদার বলেন, ‘গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন ও শান্তিশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



