ফতুল্লায় নিজ প্রতিষ্ঠানে ক্যাবল টিভি ব্যবসায়ীকে হত্যা

নারায়ণগঞ্জে ফতুল্লায় চানমারী মাউড়াপট্টি এলাকায় নাছির (৬০) নামে এক ক্যাবল টিভি ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Location :

Narayanganj
ফতুল্লায় নিজ প্রতিষ্ঠানে ক্যাবল টিভি ব্যবসায়ীকে হত্যা
ফতুল্লায় নিজ প্রতিষ্ঠানে ক্যাবল টিভি ব্যবসায়ীকে হত্যা |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও ফতুল্লা সংবাদদাতা

নারায়ণগঞ্জে ফতুল্লায় চানমারী মাউড়াপট্টি এলাকায় নাছির (৬০) নামে এক ক্যাবল টিভি ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর একটার দিকে ফতুল্লার চানমারী মাউড়াপট্টিস্থ ফ্রেন্ডস ক্যাবল অফিসে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত নাছির ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকার মরহুম সাইজ্জদিনের ছেলে। তিনি ফ্রেন্ডস ক্যাবল নামের একটি ক্যাবল টিভি অপারেটর প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুর একটার দিকে হঠাৎ তার ডাক-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পাশের একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, স্থানীয় সন্ত্রাসী শরিফ ও তার সহযোগী জুয়েলকে হত্যাকাণ্ডের পর দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, শরিফের নেতৃত্বেই এ হত্যাকাণ্ড ঘটেছে।

স্থানীয়রা আরো জানায়, শরিফ ২০২৩ সালে মাদক কারবারে আধিপত্য বিস্তার নিয়ে মানিক নামের আরেক সন্ত্রাসীকে নৃশংসভাবে হত্যা করে। সেই ঘটনায় শরিফ ঢাকা থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে ছিল। প্রায় এক বছর আগে সে কারাগার থেকে মক্তি পায়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। তবে, কী কারণে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।