হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামি জিয়াউর রহমান (২৮) ও কাজল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার অলিপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতাররা ওই উপজেলার পুটিয়া গ্রামের বাসিন্দা।
র্যাব-৯ সূত্রে জানা যায়, বৃহস্পতি বার রাত সাড়ে ৯টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় টমটম স্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ভুক্তভোগী নারী। এ সময় পূর্বপরিচিত জিয়াউর রহমান ও তার সহযোগী রুকন মিয়া তার সাথে কথা বলে একই পথে যাওয়ার কথা জানায়। পরে একটি টমটমে ওঠার পর তাদের ইশারায় চালক নির্জন স্থানে নামিয়ে দিয়ে চলে যায়। এরপর কৌশলে ভুক্তভোগীকে পুটিয়া গ্রামের একটি মাছের ঘের সংলগ্ন স্থানে নিয়ে গিয়ে কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
পরে তাকে জিয়াউর রহমানের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখা হয়। ভোরে সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে এসে ২৪ এপ্রিল শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা করেন তিনি।
মামলা করার পরপরই র্যাব-৯ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজর দারি জোরদার করে।
এরই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল রাতে অলিপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত জিয়াউর রহমান ও অপর আসামি কাজলকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ -এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশসুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’



