চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন এলাকায় রাতের আঁধারে পানির মটর চুরি করতে গিয়ে আবদুল মন্নান (২৬) নামের এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে চকরিয়া থানার পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, আবদুল মন্নান একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বল্যাবাপের পাড়ার জাফর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড অলির বাপের পাড়া এলাকায় বাদশা মিয়ার বাড়ির সেচস্কিমের ঘরে বিদ্যুতের মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। তিনি একজন পেশাদার চোর বলে স্থানীয়রা জানান।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।



