বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা বলেছেন, ‘জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদ রুখে দিতে হবে। জনগণ ১২ ফেব্রুয়ারি যে রায় দিয়েছে সরকারকে তা মেনে নেয়ার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘বিএনপির ৩১ দফার প্রথম দফায় সংবিধান সংশোধনের কথা উল্লেখ থাকলেও সরকার এখনো সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। তাই ৩১ দফার অঙ্গীকার অনুযায়ী সংবিধান সংশোধন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি।’
শনিবার (২৫ জুলাই) সকালে সাভার পৌরসভার মামুন কমিউনিটি সেন্টারের হলরুমে ১১ দলীয় ঐক্য ঢাকা জেলার উদ্যোগে ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, ‘২০২৪ সালে যারা দুই হাত পাখির ডানার মতো ছড়িয়ে দিয়ে বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে, তাদের কথা এখন ভুলিয়ে দেয়ার জন্য নানান কথা শুনছি আমরা। জাতীয় সংসদে বারবার বলা হচ্ছে, এটা করা হোক, ওটা করা হোক, কিন্তু জুলাই সনদে আমরা সবাই স্বাক্ষর করেছি, তবে ওটা বাস্তবায়ন করা হয় না।’
তিনি বলেন, ‘বক্তব্যে তারা বলেন, আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। কিন্তু আমরা দেখি না, জুলাই যোদ্ধাদের নিয়ে কথা বলতে, জুলাই যোদ্ধাদের জন্য ভাতা বাড়াতে, শহীদদের কথা সেইভাবে স্মরণ করতে।’
তিনি আরো বলেন, ‘জুলাই ফাউন্ডেশন হয়েছে, কিন্তু কর্মচারীদের বেতন নেই। বেতন না দেয়ার অর্থ হলো, ফাউন্ডেশন প্রয়োজন নেই। তাহলে কি রাষ্ট্রের টাকা এতো কম পড়ে গেল? তাদেরসহ সব রাজনৈতিক দলের মধ্য দিয়ে আন্দোলন হয়েছিল, কিন্ত শেষ মূহুর্তে ছাত্রদের বুক পেতে দেয়ার জন্যই আন্দোলন সফল হয়েছিল। পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের জন্য আন্দোলন সফল হয়েছিল।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকসুর জিএস মাজহারুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব আব্দুল আজিজ, ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির ও ধামরাই উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার, লুৎফর রহমান মোল্লা, এনসিপির ঢাকা জেলার সদস্য সচিব সালামত উল্লাহ রনি প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা জেলার সেক্রেটারি ও সাভার উপজেলার চেয়ারম্যান প্রার্থী মাওলানা আফজাল হোসাইন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. দিদারে আলম মহসিন।
সভাপতির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ‘জনগণের কাছে দেয়া কথা রাখতে না পারলে যে মুনাফেকি চরিত্রের অধিকারী হয়, তা আমরা চাই না। এটা ভালো লক্ষণ নয়, আপনারা ভালো করে দেশ পরিচালনা করেন আমরা সহযোগিতা করব। জনগণের বিরুদ্ধে গেলে আমরা আপনাদের বিরোধিতা করব। ২৪-এর সন্তানদের ভূমিকা ভুলে যাবেন না। আপনাদের অতীত খেয়াল করুন, কোথায় ছিলেন, আর এখন কোথায় আছেন।’
সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অর্থ সম্পাদক কবিরুজ্জামান, শিক্ষা সম্পাদক অধ্যক্ষ মো: তৌহিদ হোসেন, পেশাজীবী বিভাগের ইমদাদুল হক, প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম, এনসিপির ঢাকা জেলা উত্তরের সাংগাঠনিক সম্পাদক তামিম আজহার, যুবশক্তির মহিউদ্দিন শুভসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও পাঁচ শতাধিক সাধারণ জনগণ।



