আগামী ১৮ ও ১৯ আগস্ট দুই দিনব্যাপী হযরত শাহপরান (রহ.) মাজারের বাৎসরিক পবিত্র উরস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টায় উপশহরস্থ এসএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।
সভাপতির বক্তব্যে এসএমপি কমিশনার বলেন, উরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। কোনো ভক্ত বা দর্শনার্থী যাতে হয়রানি কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের বিশেষ নজর রাখার নির্দেশনা দেন তিনি।
তিনি মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখা, যানজট নিরসনে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে পুলিশের সব শাখা ও গোয়েন্দা সংস্থাকে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সার্বক্ষণিক নজরদারি রাখার আহ্বান জানান।
পবিত্র উরস শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিনিধিকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান পুলিশ কমিশনার।
সভায় আসন্ন উরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে গান-বাজনা, মাদকসেবন ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধ করে ধর্মপ্রাণ মানুষের নির্বিঘ্নে জিয়ারত ও ইবাদতের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সাথে মাজারের পবিত্রতা ও ইসলামী শরিয়তের বিধান মেনে চলার জন্য আগতদের সচেতন করার আহ্বান জানানো হয়।
সভায় এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, ডিজিএফআই, জেলা প্রশাসন, র্যাব-৯, এনএসআই, সিলেট সিটি করপোরেশন, সিভিল সার্জনের কার্যালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধি এবং শাহপরান (রহ.) মাজার শরীফের মোতাওয়াল্লি ও খাদেমসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।



