রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, যুবক গুলিবিদ্ধ

উপজেলার চরাঞ্চলের চরমধুয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এস এম শরীফ মিয়া, রায়পুরা (নরসিংদী)

Location :

Narsingdi
নিহত রফিকুল ইসলাম সরকার
নিহত রফিকুল ইসলাম সরকার |নয়া দিগন্ত

নরসিংদীর রায়পুরায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সাথে থাকা আমানউল্লাহ নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরাঞ্চলের চরমধুয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম সরকার ওই এলাকার আব্দুল মঙ্গল মিয়ার ছেলে। তিনি চরমধুয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য (৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) লাভলী বেগমের স্বামী। আহত আমানউল্লাহ একই এলাকার ফরিদ মিয়ার ছেলে। তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে স্থানীয় গাজীপুর বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম সরকার ও আমানউল্লাহ। পথে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে রফিকুল ইসলাম সরকারের পিঠের বাঁ পাশে গুলি লাগে। একই ঘটনায় আমানউল্লাহ ও গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক রফিকুল ইসলাম সরকারকে মৃত ঘোষণা করেন।

চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান শিকদার জানান, দুর্বৃত্তদের গুলিতে সংরক্ষিত নারী ইউপি সদস্যের স্বামী নিহত হয়েছেন। এ সময় তার সাথে থাকা এক যুবকও আহত হন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুজিবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে ঘটনার সাথে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।