পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটি থেকে এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) রাতে ওই লাশ উদ্ধার করা হয়। মাত্র ২৫ দিনের ব্যবধানে একই এলাকায় এটি দ্বিতীয় বিদেশী নাগরিকের মৃত্যু। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত ওই রুশ নাগরিকের নাম লাতিপভ ভিল। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠান রোজেনারগো অ্যাটমের একজন কর্মী ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাহাপুর নতুনহাট এলাকায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিদেশী নাগরিকদের আবাসিক গ্রিনসিটির বহুতল আবাসিকের ২১ নম্বর ভবনের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে সহকর্মীরা নিজ কক্ষে তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে কর্তৃপক্ষকে জানানো হলে প্রকল্পের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশাদুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।’
উল্লেখ্য, এর আগে ১ মে গ্রিনসিটি এলাকার একটি উন্মুক্ত ব্যায়ামাগার থেকে চুরকিন ভ্লাদিমির নামে আরেক রুশ নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছিল। ময়নাতদন্ত শেষে তার লাশ রাশিয়ায় পাঠানো হয়।



