মেলা দেখানোর কথা বলে শিশুকে অপহরণ, ১২ বছর পর যুবকের যাবজ্জীবন

২০১৪ সালের ১৫ অক্টোবর বেলা ১১টার দিকে ইমাম হোসেনসহ তিন-চারজন নদীর পাড়ে মেলা দেখানোর কথা বলে শিশুটিকে নিয়ে যায়। তারা শিশুটিকে কেরাণীগঞ্জের নারিকেলবাগ কাশবনে নিয়ে যান।

নয়া দিগন্ত অনলাইন
কেরাণীগঞ্জে শিশু অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
কেরাণীগঞ্জে শিশু অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড |সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকায় মেলা দেখানোর কথা বলে সাত বছরের এক শিশুকে অপহরণের মামলায় ইমাম হোসেন নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো এক বছর বিনাশ্রম কারাভোগ করতে হবে।

আজ মঙ্গলবার ঢাকার চতুর্থ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ থেকে জানা, ইব্রাহীম শেখের সাত বছর বয়সী মেয়ে কেরাণীগঞ্জের খেজুরবাগ নূরবাগ হাই স্কুলের গেটের সামনে বান্ধবীদের সাথে খেলছিলেন। ২০১৪ সালের ১৫ অক্টোবর বেলা ১১টার দিকে ইমাম হোসেনসহ তিন-চারজন নদীর পাড়ে মেলা দেখানোর কথা বলে শিশুটিকে নিয়ে যায়। তারা শিশুটিকে কেরাণীগঞ্জের নারিকেলবাগ কাশবনে নিয়ে যান। সেখানে শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে, সেই সাথে ইমাম হোসেনকে আটক করে।

এ ঘটনার পরদিন ১৬ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা ইব্রাহীম শেখ। একই বছরের ৩০ নভেম্বর ইমাম হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলার বিচার চলাকালে চারজন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

সূত্র : বাসস